আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাজনের পরিবর্তে সংলাপ এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, গণতন্ত্রকে কখনোই নিশ্চিত বিষয় হিসেবে ধরে নেওয়া উচিত নয়; বরং প্রতিদিনের চর্চার মাধ্যমে তা শক্তিশালী করতে হয়।
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব বর্তমানে ক্রমবর্ধমান বিভাজনের মুখোমুখি। সংঘাত বাড়ছে, পারস্পরিক আস্থা ক্ষুণ্ণ হচ্ছে এবং নাগরিক ও সরকারের মধ্যকার সামাজিক চুক্তি দুর্বল হয়ে পড়ছে।
আরও পড়ুন…হাইকোর্টে রিট প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে
তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়। মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা এবং নাগরিক ও রাজনৈতিক জীবনে সকল মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করাও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সংলাপ, সহযোগিতা এবং সুশীল সমাজসহ বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমেই গণতন্ত্র বিকশিত হয়।
এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ‘আলোচনা-ভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়া’র ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সমৃদ্ধ করতে, মানুষের মধ্যে আস্থা বাড়াতে এবং আরও শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করা জরুরি।
নিজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চ্যালেঞ্জের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে কখনোই হালকাভাবে নেওয়া বা নিশ্চিত বিষয় হিসেবে ধরে নেওয়া উচিত নয়। বিভাজনের পরিবর্তে সংলাপ এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার পথ বেছে নেওয়ার প্রতিটি পদক্ষেপ গণতন্ত্রকে শক্তিশালী করে।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রত্যেক মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, গণতন্ত্রের মাধ্যমে এমন শান্তি, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, যা প্রতিটি সমাজের প্রয়োজন এবং প্রাপ্য।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.