কপ৩১-এর দ্বিতীয় দিনে জলবায়ু মোকাবিলায় সহনশীল নগর গড়ার ওপর বিশ্বনেতাদের গুরুত্বারোপ

ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১৩ নভেম্বর ২০২৬

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানির দক্ষ ব্যবহার বাড়ানো এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ ত্বরান্বিত করার বিষয়ে সম্মেলনে একমত হন তাঁরা।

Islami Bank

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্বনেতাদের সম্মেলনের দ্বিতীয় দিনে নগর সহনশীলতা, অভিযোজন ও জলবায়ু কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের সংলাপে এসব বিষয় উঠে আসে। কপ৩১ প্রেসিডেন্সি ও জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে শহরে বসবাস করেন। ফলে বন্যা, তীব্র তাপপ্রবাহ এবং অবকাঠামোগত ক্ষতির মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় নগরগুলোকে আরও প্রস্তুত করার প্রয়োজনীয়তা বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে তুরস্ক নগর সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়।

আরও পড়ুন…গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা

কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু কার্যক্রমের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে। এর অর্থ হলো নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়িঘর, শক্তিশালী অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করা।

তিনি বলেন, শহরগুলোতেই জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হয়। তাই সরকার, নগর কর্তৃপক্ষ, বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন ও অর্থায়ন নিশ্চিত করতে হবে।

সম্মেলনে জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণে ‘আন্তালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ অনুমোদনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো এবং ভবনগুলোতে দক্ষ বিদ্যুতায়ন ত্বরান্বিত করার লক্ষ্য সামনে আনা হয়েছে।

এ ছাড়া বিশ্বের ছয়টি উল্লেখযোগ্য টেকসই ভবন নির্মাণ প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে কপ৩১। তুরস্কের উদ্যোগে এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্লোবাল অ্যালায়েন্স ফর বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন এবং ইন্টারগভর্নমেন্টাল কাউন্সিল ফর বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেটের সহযোগিতায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পগুলো নির্বাচিত হয়।

নগর বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগের কথা তুলে ধরা হয় সম্মেলনে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের পর প্রথম আন্তর্জাতিক ‘জিরো ওয়েস্ট ডিস্ট্রিক্টস’ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ২০টি এলাকায় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার, মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম ১০০টি এলাকায় সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, কপ৩১-এর টেকসই নগর সহনশীলতা অর্থায়ন সুবিধা (এসইউআরএফএফ) জলবায়ু সহনশীলতা বাড়ানোর প্রকল্পগুলোকে বিনিয়োগের উপযোগী করে তুলতে কাজ করবে। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি অর্থায়ন সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিতে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা:
কপ৩১-এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতা অংশ নেন। বিদ্যুতায়ন, সহনশীল নগর এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো ছিল আলোচনার অন্যতম লক্ষ্য।

এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় তুরস্কে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

one pherma

চুক্তি অনুযায়ী, তুরস্কে নতুন করে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং তুরস্কে বায়ুবিদ্যুৎ টারবাইনের সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করা হবে।

স্বল্পোন্নত দেশগুলোর পরিবেশবান্ধব শিল্পায়নে সহায়তার জন্য কপ৩১ প্রেসিডেন্সি ‘এলডিসি গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন মেকানিজম’ চালু করেছে। তুরস্কের নেতৃত্বে এবং জাতিসংঘ প্রযুক্তি ব্যাংকের সচিবালয় সহায়তায় চালু হওয়া এ উদ্যোগে প্রাথমিকভাবে ১০টি দেশ অংশ নিচ্ছে।

এ ছাড়া তুরস্কের শিল্প খাতের কার্বন নিঃসরণ কমাতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার সহায়তা পাওয়ার প্রকল্প ঘোষণা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতৃত্বে জলবায়ু সহনশীলতা:
সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগও বিশেষ গুরুত্ব পায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এসব অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি হুমকির মুখে পড়ছে।

কপ৩১ আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এরই মধ্যে মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে দ্রুত সহনশীলতা বাড়াতে হবে।

প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’ ইতিমধ্যে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে।

২০২৬ সালে যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি এবং মার্শাল দ্বীপপুঞ্জ নতুন অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।এ ছাড়া মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম দাতব্য সংস্থা হিসেবে এ তহবিলে ৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, জ্বালানিসাশ্রয়ী ও জলবায়ু সহনশীল ভবন নির্মাণকে বৈশ্বিক মানদণ্ডে পরিণত করতে আন্তালিয়া কমপ্যাক্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে ভবন খাতের রূপান্তরের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাই সরকারগুলোকে প্রতিশ্রুতিকে কার্যকর নীতি, বিনিয়োগ ও বাস্তব সমাধানে রূপ দিতে হবে।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ বলেন, আবাসন, পরিবহন, ভূমি ব্যবহার ও মৌলিক সেবার বিষয়ে নগর পর্যায়ের সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যাপ্ত আবাসন, বস্তি এলাকার উন্নয়ন এবং নগর সহনশীলতা জোরদার করাকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রীয় অগ্রাধিকার করতে হবে।

সম্মেলনে বিশ্বনেতাদের আলোচনায় উঠে আসে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি ঘোষণা যথেষ্ট নয়; বরং সেই প্রতিশ্রুতিকে অর্থায়ন, বিনিয়োগ ও বাস্তব প্রকল্পে রূপান্তর করে সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দিতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us