জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা কমানো ও সহজ শর্তে অর্থায়নের আহ্বান সাইমন স্টিয়েলের

ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১৩ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণের বোঝা কমানো, সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। তিনি বলেছেন, জলবায়ু অর্থায়নকে শুধু বিচ্ছিন্ন প্রকল্পে বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে।

Islami Bank

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের জলবায়ু অর্থায়নবিষয়ক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শুধু নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করলেই হবে না, অর্থায়ন কীভাবে দেওয়া হচ্ছে এবং তা সংশ্লিষ্ট দেশগুলোর প্রকৃত প্রয়োজন মেটাতে পারছে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে।

আরও পড়ুন…কপ৩১-এর দ্বিতীয় দিনে জলবায়ু মোকাবিলায় সহনশীল নগর গড়ার ওপর বিশ্বনেতাদের গুরুত্বারোপ

তিনি বলেন, কপ২৯-এ ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে বছরে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য সব উৎস থেকে সম্মিলিতভাবে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যও নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাকু-বেলেম রোডম্যাপকে কার্যকর করতে হবে।

তবে উন্নয়নশীল দেশগুলোর সামনে ঋণ, প্রাকৃতিক দুর্যোগ ও উচ্চ মূলধন ব্যয়ের একটি বিপজ্জনক চক্র তৈরি হয়েছে বলে সতর্ক করেন তিনি। বন্যা, দাবানল, ঘূর্ণিঝড় ও খরার ঝুঁকির কারণে দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই এসব দেশের ঋণ গ্রহণের ব্যয় বেড়ে যায়।

দুর্যোগ আঘাত হানলে রাজস্ব আয় কমে, পুনরুদ্ধারের ব্যয় বাড়ে এবং ঋণের বোঝা আরও ভারী হয়। ফলে জলবায়ু সহনশীলতা তৈরিতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়ে পড়ে।

স্টিয়েল বলেন, জলবায়ু অর্থায়ন এই সংকট থেকে দেশগুলোকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারে। তবে এজন্য অর্থায়নের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনে অর্থনৈতিক রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে।জলবায়ু অর্থায়ন কার্যকর করতে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন জাতিসংঘের এই কর্মকর্তা।

প্রথমত, অর্থায়নের শর্ত নির্ধারণে সংশ্লিষ্ট দেশের ঋণ পরিস্থিতি, অর্থনৈতিক সক্ষমতা ও ঋণ পরিশোধের স্থায়িত্ব বিবেচনায় নিতে হবে। স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন অব্যাহত রাখা জরুরি।

one pherma

একই সঙ্গে ঋণ পরিশোধ এবং জলবায়ু সহনশীলতা তৈরির মধ্যে কোনো দেশকে যেন একটি বেছে নিতে না হয়, সে জন্য বৃহত্তর ঋণসংকট মোকাবিলার উদ্যোগ প্রয়োজন।

দ্বিতীয়ত, জলবায়ু তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন তহবিল ও প্রতিষ্ঠানের জটিল নিয়ম, প্রশাসনিক শর্ত এবং বিচ্ছিন্ন আবেদনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এসব জটিলতা কমিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।

তৃতীয়ত, জলবায়ু অর্থায়নকে দেশের নিজস্ব উন্নয়নব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে বরং তাদের সক্ষমতা বাড়াতে হবে।

দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অর্থায়ন পরিচালনা এবং তা কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও ব্যবস্থার উন্নয়ন জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

চতুর্থত, অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমকে দেশগুলোর নিজস্ব অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করতে হবে। জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগ ও প্রকল্পে রূপান্তরের জন্য সরকার, জলবায়ু তহবিল, উন্নয়ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সাইমন স্টিয়েল বলেন, প্রাথমিক পর্যায়ে অনুদান দিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিনিয়োগের প্রকল্পভিত্তি তৈরি করা যেতে পারে। পরবর্তী সময়ে সহজ শর্তের অর্থায়ন এবং ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থার মাধ্যমে এসব প্রকল্পের পরিসর বাড়ানো সম্ভব।তিনি আরও বলেন, জলবায়ু সহনশীলতা ও স্বল্প কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন এবং হস্তান্তর অব্যাহত রাখতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জলবায়ু অর্থায়নে নতুন অধ্যায়ের সূচনা করার আহ্বান জানান। তাঁর মতে, এমন একটি অর্থায়নব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে উন্নয়নে বিনিয়োগ করা প্রতিটি ডলার সব দেশের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের এ সংলাপ ধারাবাহিকভাবে জলবায়ু অর্থায়নের অগ্রগতি পর্যালোচনা করে আসছে। এবারের আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩২-এর আলোচনাতেও ভূমিকা রাখবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us