অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রদলের
ইবাংলা.প্রেস | রিয়াজুল ইসলাম | ১৪ জুলাই ২০২৫, ঢাকা
দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি, গুপ্ত সংগঠনের তৎপরতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি নিয়ে প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—পরিস্থিতির উন্নতি না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন…মিটফোর্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বিলম্বিতের অপচেষ্টা: মির্জা ফখরুল
সোমবার (১৪ জুলাই) বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দেশে ‘মবতন্ত্র’ কায়েমের চেষ্টা হচ্ছে। আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে।”
তিনি বলেন, “যখন সারাদেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকায়। অথচ একটি গোপন সংগঠন সরকারের ব্যর্থতাকে পাশ কাটিয়ে তারেক রহমানকে টার্গেট করে নোংরা অপপ্রচার চালাচ্ছে। এটি প্রমাণ করে, এই তথাকথিত নির্দলীয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে।”
গুপ্ত সংগঠনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের বলছি—অবিলম্বে অপপ্রচার ও গোপন ষড়যন্ত্র থেকে সরে আসুন। ছাত্রসমাজ সব অপচেষ্টা প্রতিহত করবে।”
এর আগে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা “ষড়যন্ত্র রুখো”, “মব সৃষ্টির অপচেষ্টা বন্ধ করো”, “শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি ফেরাও”—ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের দাবি, “একটি গুপ্ত সংগঠন সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ‘মব’ তৈরি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ধ্বংস করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এই তৎপরতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত।”
ছাত্রদল জানায়, এই বিক্ষোভ কর্মসূচি তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা দেশের শান্তিপূর্ণ শিক্ষা-পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সরকারের প্রতি।
ইবাংলা.প্রেস | সত্যের মুখপত্র, প্রতিবাদে অগ্রগামী।
ইবাংলা/বিএইএস


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.