জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিদ্যুৎ বিভাগের অনুদান বিতরণ ও দোয়া মাহফিল

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩ আগস্ট ২০২৫, ঢাকা

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে বিদ্যুৎ বিভাগ। রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা।

Islami Bank

আরও পড়ুন…জুলাই ঘোষণাপত্রে আট জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। তিনি বলেন, “জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তাদের আত্মত্যাগ যেন সমাজে সুবিচার ও ন্যায়ের ভিত্তি গড়ে তোলে।” তিনি উপস্থিত সবাইকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং আহত ও শহীদ পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শহীদ মো. জান শরিফের স্ত্রী রহিদুন সাজবা বানু বলেন, “আমার মেয়ের মাথা থেকে পিতৃস্নেহ কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কষ্ট কোনো চেক দিয়ে পূরণ হবে না।” আহত যোদ্ধা মো. ফয়েজ, যিনি একটি চোখ হারিয়েছেন, তার উপর ঘটে যাওয়া ঘটনার করুণ বর্ণনা দেন। আরেক আহত যোদ্ধা মো. রাকিব হোসেন বলেন, “আমরা সুবিচার চাই। আহতদের চিকিৎসার স্থায়ী ব্যবস্থা ও সঠিক তদন্ত জরুরি।”

বিদ্যুৎ বিভাগ এই আয়োজনে ১৭টি শহীদ পরিবার, চোখ হারানো ৪ জন ও গুরুতর আহত ৪ জনসহ মোট ২৫ জনকে এককালীন এক লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করে। এর আগে, গত ২০ এপ্রিল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ এক কোটি পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

one pherma

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সবুর হোসেন। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আরও খবর পড়তে ভিজিট করুন: www.ইবাংলা.প্রেস

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us