ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা
ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৩১ আগস্ট ২০২৫
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীকে ধরতে দেশজুড়ে অভিযান চলছে। তবে এখনো হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য জানা যায়নি।
৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩-১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
এছাড়া ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ই রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়।
তার মৃত্যুতে ইউক্রেনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক শোকবার্তায় বলেন, “লভিভে ভয়াবহ হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন।
আরও পড়ুন…জামায়াত বেঈমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক : বিএনপি
হত্যাকারীকে ধরতে সব ধরনের শক্তি কাজে লাগানো হচ্ছে।লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন, “দেশ যুদ্ধাবস্থায় রয়েছে, আর আমরা দেখছি নিরাপদ জায়গা এখন আর কোথাও নেই।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এ হত্যাকাণ্ডকে ইউক্রেনের হৃদয়ে আঘাত বলে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পারুবিকে “প্রকৃত রাষ্ট্রনায়ক” আখ্যা দেন। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো বলেন, “এটি দেশের জন্য গভীর ক্ষতি।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে দেশটির শীর্ষ পর্যায়ের এ রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডে ইউক্রেনের রাজনৈতিক অঙ্গন ও জনমনে গভীর আলোড়ন সৃষ্টি হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.