বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি একাধিক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।
অভিযান ১ : বিটিআরসিতে অনিয়ম অনুসন্ধান:
দুদক প্রধান কার্যালয় থেকে একটি টিম সরেজমিনে বিটিআরসি সদর দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথি পরীক্ষা-নিরীক্ষা করে। অভিযোগের মধ্যে ছিল নিবন্ধন ছাড়াই টিভ্যাস সেবার অনুমোদন, রাজস্ব ফাঁকি, করপোরেট সিম সচল রাখার আশ্বাসের বিনিময়ে ঘুষ গ্রহণ, সভা আয়োজনের নামে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম।
প্রাথমিক পর্যালোচনায় কয়েকটি অভিযোগের সত্যতা স্পষ্ট হয়ে ওঠে। টিম সংগ্রহকৃত রেকর্ডপত্রসমূহ বিশ্লেষণ শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আরও পড়ুন…১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
অভিযান ২ : চরফ্যাশনে প্রকল্প অর্থ আত্মসাৎ:
ভোলার চরফ্যাশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ ওঠে। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় হতে পাঠানো টিম ২০২৪-২৫ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় সম্পাদিত একাধিক প্রকল্প পরিদর্শন করে।
দেখা যায়, কিছু প্রকল্পে আংশিক কাজ হলেও চূড়ান্ত বিল জুন ২০২৫ এর মধ্যেই উত্তোলন করা হয়েছে। এমনকি কিছু প্রকল্পের ক্ষেত্রে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও প্রাথমিক প্রমাণ পায় দুদক। অভিযান শেষে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিলের প্রস্তুতি নিচ্ছে টিম।

অভিযান ৩ : নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় অনিয়ম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগ যাচাই করতে যায় দুদকের স্থানীয় টিম। অভিযানকালে টিম বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ষিত রেজিস্টারসমূহ পরীক্ষা করে।
প্রাথমিকভাবে দেখা যায়, চিকিৎসাসেবায় জনবলের সংকট বিরাজ করছে। দুদক টিম সেবাগ্রহীতাদের মতামত ও অভিযোগের আলোকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে পরামর্শ প্রদান করে। অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্যও বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.