বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, মামলার আসামি হলেন নবীনগরের ইউপি চেয়ারম্যান
রুবেল ভূইঁয়া,নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর বছিলা ব্রিজ এলাকায় ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনার মামলায় নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারকে আসামি করা হয়েছে। মামলার ৪৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ রয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন বছিলা মার্কেট এলাকার বাটা ডোর ফার্নিচারের রং মিস্ত্রি নূরে আলম। এছাড়া এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ছয়টার দিকে আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ সময় বাদী নূরে আলমও গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাতে পিলখানা হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর গত বছরের ১৩ অক্টোবর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
বাদীপক্ষের আইনজীবী পারভীন আক্তার জানান, আদালত মামলা গ্রহণ করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আগামী ৫ অক্টোবরের মধ্যে জানাতে, বাদী অন্য কোথাও মামলা করেছেন কি না। এরপর আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।
মামলার আসামি আক্তারুজ্জামান বলেন, আমি ২০২১ সালের নভেম্বরে দেশে ফিরেছি। ডিসেম্বরে আমার বড় ভাইকে হত্যা করা হয়। এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয় লাভ করি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে হয়রানি করার জন্যই এ মামলায় জড়ানো হয়েছে। আমি ন্যায় বিচার দাবি করছি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.