জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি মামলা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জেমকন গ্রুপের দুই পরিচালক ও উদ্যোক্তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা অনুমোদন করেছে।
মামলা ১: কাজী আনিস আহমেদ
জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদের বিরুদ্ধে ৮০ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ৮৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
তদন্তে জানা যায়, তিনি ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ২০টি ব্যাংক হিসাবে মোট ৪০ কোটি ৬৯ লাখ টাকার বেশি জমা রাখেন এবং ৩৮ কোটি ৪৫ লাখ টাকার বেশি উত্তোলন করেন। এতে মোট ৭৯ কোটি ১৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত হয়েছে।
দুদকের অনুমোদন অনুযায়ী, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজু হবে।
আরও পড়ুন…জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন
মামলা ২: কাজী ইনাম আহমেদ
অন্যদিকে জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা অনুমোদন করেছে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তদন্তে পাওয়া যায়, ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ১৪টি ব্যাংক হিসাবে তিনি ৩৭ কোটি ৯২ লাখ টাকার বেশি জমা এবং ৩৬ কোটি ৮৬ লাখ টাকার বেশি উত্তোলন করেছেন। এতে মোট ৭৪ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ধরা পড়ে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.