রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মোঃ ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং মামলার অনুমোদন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর ২০২৫
সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মোঃ ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৩৬ কোটি ১৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, মোঃ ছিদ্দিকুর রহমান সরকার ০৮/০৪/২০১৪ থেকে মার্চ/২০১৫ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন এই অবৈধ সম্পদ অর্জন করেন।
তার নিজস্ব এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৭৭ কোটি ৫৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন খুঁজে পেয়েছে দুদক। এর মধ্যে নিজ নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে মোট ১৫১ কোটি টাকার লেনদেন হয়েছে।
আরও পড়ুন…মালদ্বীপে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে তিনি “দুর্নীতি ও ঘুষ” থেকে প্রাপ্ত অবৈধ অর্থ গোপন করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৮(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৬ জনের বিরুদ্ধে মামলা:
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এলইডি বিলবোর্ড স্থাপনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ ইফসুফ আলী সরদার এবং তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী—টিসিএল অপটোইলেকট্রনিক্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতার হামিদ খান, বেস্টওয়ান-এর স্বত্বাধিকারী মোসাঃ মমতাজ বেগম এবং বৈশাখী ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ গাফ্ফার ইলাহী ও জি-টেক এর স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দায়িত্বে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করে এলইডি সাইন-এর প্রতি বর্গফুটে ২০,০০০ টাকা নির্ধারিত রেটের পরিবর্তে মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করেছেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের উপ কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, ডিএসসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.