গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্র, জাতিসংঘে যুদ্ধবিরতি নিয়ে তৎপরতা
ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ সদরদপ্তরে যখন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধি ও কূটনীতিকরা তৎপর, ঠিক সেই সময় উপত্যকাটিতে আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (২৪ সেপ্টেম্বর) একদিনেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন ফিলিস্তিনি। নির্বিচারে চলছে বোমাবর্ষণ আর গুলিবর্ষণ।
আরও পড়ুন…জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে বিশেষ জলবায়ু কর্ম সম্মেলন
জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে বাস্তুচ্যুত মানুষদের মাথা গোঁজার ঠাঁইও মিলছে না। শরণার্থী শিবিরগুলো এখন অচলাবস্থার মুখে। অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধান যুক্তি দেখিয়েছেন, হামলা শুধুই হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করছে তেলআবিব।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, চারদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। শহরের ভেতরে এবং আশপাশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ইতোমধ্যেই তিনটি আইডিএফ ডিভিশন দখল করেছে। “গিডিয়নস চ্যারিয়ট” নামে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, যার মূল লক্ষ্য গাজা সিটি পুরোপুরি দখলে নেওয়া। শিগগিরই আরও একটি ডিভিশন মোতায়েনের পরিকল্পনাও রয়েছে তাদের।
সামরিক সূত্রগুলো ধারণা করছে, এ পর্যন্ত প্রায় ৬ লাখ বাসিন্দা গাজা সিটি ছেড়ে পালিয়ে গেছেন। তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি।
বিশ্বনেতারা একদিকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও, অন্যদিকে ময়দানে ইসরায়েলি আগ্রাসন বাড়তে থাকায় শান্তি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.