আগামীকাল বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হবে
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর ২০২৫
দুর্নীতি প্রতিরোধ, সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল (১২ অক্টোবর) বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৫তম গণশুনানি।
এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন।
দুদকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ, এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা।
আরও পড়ুন…ধাওয়া-পাল্টাধাওয়া জাপার সমাবেশ ঘিরে
গণশুনানিতে সরকারি সেবাপ্রাপ্তিতে ভুক্তভোগী সাধারণ মানুষ সরাসরি অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন, যা কমিশন তাৎক্ষণিকভাবে বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবে।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণশুনানির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবায় স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিতকরণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
গণশুনানি সফল করতে ইতোমধ্যে বরগুনা জেলার বিভিন্ন স্থানে মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, অভিযোগ সংগ্রহ বুথ স্থাপন এবং অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।দুদকের এই গণশুনানি কার্যক্রমকে দুর্নীতির বিরুদ্ধে দেশের চলমান সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.