রাতভর সংঘর্ষে কাঁপল পাকিস্তান-আফগান সীমান্ত
খাইবার পাখতুনখোয়া থেকে ব্যুরো অফিস | ইবাংলা.প্রেস | ১২ অক্টোবর, ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে শনিবার (১১ অক্টোবর) রাতে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো সীমান্ত এলাকা। রাতভর চলা এ গোলাগুলিতে দুই দেশের সেনারা ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন…আন্তর্জাতিক রেঞ্জার পুরস্কার ২০২৫: প্রকৃতি সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ১৩ রেঞ্জার ও দল
পাকিস্তানের নিরাপত্তা সূত্রে জানা যায়, আফগান বাহিনী প্রথমে আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুর্রামসহ একাধিক সীমান্ত পয়েন্টে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাবে পাকিস্তানি সেনারা ব্যাপক হামলা চালিয়ে আফগান বাহিনীর কয়েকটি পোস্ট ধ্বংস করে দেয়। এতে আফগান সেনা ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের হতাহতের খবর পাওয়া গেছে।
সূত্রমতে, সংঘর্ষের সময় কামান, ট্যাঙ্কসহ ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। পাশাপাশি টিটিপির ঘাঁটিগুলিতে হামলার জন্য যুদ্ধবিমান ও ড্রোনও মোতায়েন করা হয়। এতে কুর্রাম ও জান্দোসরের সীমান্ত পোস্টগুলো ধ্বংস হয় বলে দাবি ইসলামাবাদের।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগানিস্তানের ‘বিনা উসকানিতে’ গুলি চালানোয় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি।”
এদিকে, সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রিয়াদ এক বিবৃতিতে উভয় দেশকে সংযম ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে ধারাবাহিক সংঘর্ষ দুই দেশের সম্পর্ক আরও অবনতি করছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.