চট্টগ্রামের আকাশ-সমুদ্রবন্দরে সর্বোচ্চ সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি

চট্টগ্রাম প্রতিনিধি | ইবাংলা.প্রেস | ১২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর এলাকায় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। পাশাপাশি সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Islami Bank

আরও পড়ুন…গুমের মামলায় ২৫ সেনা কর্মকর্তার পরোয়ানার কপি এখনো হাতে পায়নি সেনাসদর

শাহ আমানত বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের নজরদারি বাড়ানো হয়েছে, টহল জোরদার করা হয়েছে বিমানবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, “বিমানবাহিনীর নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে। ফ্লাইট সেফটি ইমপ্লিমেন্টেশন সেন্টারও সক্রিয় রয়েছে। সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

এছাড়া পতেঙ্গা এলাকার আশপাশে বসবাসরত জনগণের নিরাপত্তা ও সীমান্ত প্রাচীরের নজরদারিও বাড়ানো হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, “নিরাপত্তা পেট্রোলিং ও টহলের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, এবং সব সংস্থা মিলিয়ে একটি সমন্বয় কমিটি কাজ করছে।”

one pherma

অন্যদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বারিক বিল্ডিং, নিমতলা বিশ্বরোড, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিং এলাকায়।

সিএমপির উপকমিশনার কবীর আহমেদ বলেন, “বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ স্থানে কোনো সমাবেশ বা মিছিল হলে যান চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হয়। তাই অস্থায়ীভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

আগ্রাবাদ থেকে পতেঙ্গা উপকূল পর্যন্ত প্রায় ১০ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে বিমানবন্দর, সমুদ্রবন্দর, দুটি সরকারি ইপিজেড, তেল স্থাপনা ও শোধনাগার। আইনশৃঙ্খলা বাহিনী এই অঞ্চলকে দেশের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে বেবিচকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর সাইবার হামলার মুখে পড়েছে। তাই বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us