ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী রিমোট কন্ট্রোল আইইডি, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইবাংলা.প্রেস | ফরিদপুর প্রদিবেদক | ১১ জানুয়ারী ২০২৬

ফরিদপুরে উদ্ধার হওয়া বোমাটি একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার (১১ জানুয়ারি) সকালে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

Islami Bank

আরও পড়ুন…যশোরে ১০ জনের মৃত্যু তীব্র শীতে

সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা থেকে আগত পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর একটি বিশেষ দল ফরিদপুর শহরের কুমার নদের পাড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে বোমার বিভিন্ন অংশ প্রায় ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় ছিটকে পড়ে।

one pherma

এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের ভেতর থেকে বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, সব ধরনের নিরাপত্তা প্রোটোকল মেনে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি আরও বলেন, বোমা উদ্ধারের পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us