ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযানে নামার লক্ষ্যে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সংবাদমাধ্যমে বলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।
এদিন সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ কয়েকশ নেতাকর্মী।
আরও পড়ুন…বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হয়রত শাহজালাল (র.) মাজারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে যাবেন খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে।
মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.