দুদকের একযোগে অভিযান: কাস্টমস, ব্যাংক, পিডিবিএফ ও স্বাস্থ্যখাতে অনিয়মের অনুসন্ধান
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারী ২০২৬
দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
কমলাপুর কাস্টম হাউস, আইসিডি-তে অভিযান:
ফ্রিজ ও এসিতে ব্যবহৃত কপার টিউবের পরিবর্তে আয়রন টিউব উইথ কপার কোটেড পণ্য আমদানির মাধ্যমে এইচ.এস কোড জালিয়াতি করে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে কমলাপুর কাস্টম হাউস, আইসিডি-তে অভিযান চালানো হয়।
অভিযানকালে জানা যায়, কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে পণ্যের উপাদান ও ব্যবহার সংক্রান্ত মতামতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নমুনা পাঠিয়েছে।
ঘোষণামতে প্রায় ২১.৩৮ মেট্রিক টন পণ্য পাওয়া গেলেও প্রাথমিকভাবে মিথ্যা ঘোষণার সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি যাচাই শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এ অনিয়মের অনুসন্ধান:
ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-পদোন্নতি ও বদলি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে পিডিবিএফ-এ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে ২০১৬ ও ২০১৯ সালের নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নথি পর্যালোচনা করা হয়।
প্রাথমিক যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানায় এনফোর্সমেন্ট টিম। বিস্তারিত পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অগ্রণী ব্যাংক সৈয়দপুর শাখায় প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ:
নীলফামারীর সৈয়দপুরে অগ্রণী ব্যাংক পিএলসির কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে দুদক অভিযান চালায়।
আরও পড়ুন…বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল
প্রাথমিকভাবে সংগৃহীত নথি পর্যালোচনায় প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা অনিয়ম:
খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করে। সেবাগ্রহীতার ছদ্মবেশে সেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
পরিদর্শনে আশপাশের বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হতে দেখা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.