নির্বাচনে জিতলে একক সরকার গঠন করবে বিএনপি: ডয়চে ভেলেকে তারেক রহমান
ইবাংলা.প্রেস | বিশেষ প্রতিবেদক | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে বিএনপি এককভাবেই সরকার গঠন করবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। সবাই মিলে সরকার গঠনের চেয়ে একক সরকার এবং কার্যকর বিরোধী দলই রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা এবং নির্বাচনি পরিবেশের মধ্যেই মাতৃবিয়োগের শোক—এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনীতিতে জনগণ যাকে গ্রহণ করে না, তাকে শক্তি প্রয়োগ করে টিকিয়ে রাখা সম্ভব নয়।
নারীদের অগ্রাধিকার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা চালু করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে এই সুবিধা উচ্চশিক্ষা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
পাশাপাশি প্রান্তিক গৃহিণীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া প্রতিবন্ধী, তরুণ ও প্রবীণদের জন্যও ইশতেহারে আলাদা কর্মসূচি রাখা হয়েছে বলে উল্লেখ করেন।
বৈদেশিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে তারেক রহমান বলেন, কোনো চুক্তি যদি বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে সেই দেশের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হবে। দেশের স্বার্থ রক্ষাই হবে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।
গত দেড় দশকে সংঘটিত গুম ও খুনের বিচার প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, একটি সভ্য রাষ্ট্রে মানুষ গুম হয়ে যাবে এবং তার বিচার হবে না—এটি গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন…ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদার ২ দিনের রিমান্ডে
দেশের প্রচলিত আইনের আওতায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিচার নিশ্চিত করা হবে।
দলের কিছু প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দুর্নীতি ও ব্যবসায়িক কারণে ঋণখেলাপি হওয়া এক বিষয় নয়। তার দাবি, আগের সরকার বিএনপির ব্যবসায়ী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির মাধ্যমে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করেছে, ফলে অনেকেই প্রতিকূল পরিস্থিতিতে ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন। বিএনপির ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.