আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারী ও মেয়েদের অধিকার, সমতা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দিবসটি সামনে রেখে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি বলেছে, নারী ও মেয়েদের জন্য আইনি সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী পুরুষদের যে আইনি অধিকার রয়েছে তার মাত্র ৬৪ শতাংশ নারীরা ভোগ করেন। ফলে আইনি বৈষম্য একজন নারীর জীবনের নানা ক্ষেত্রে বড় প্রভাব ফেলে।
অনেক দেশে নারীরা এখনও সম্পত্তির মালিকানা, বিবাহবিচ্ছেদের অধিকার কিংবা স্বামীর অনুমতি ছাড়া চাকরি নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। একই সঙ্গে বিশ্বের ৪০টিরও বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে এখনো অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
সংস্থাটি আরও জানায়, কিছু দেশে বিদ্যমান আইন নারীদের শিক্ষা গ্রহণ, সন্তানদের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা এবং বাড়ির বাইরে স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি করে।
আরও পড়ুন…কাতার-সৌদি-আমিরাতে ইরানের নতুন হামলা
এমনকি যেখানে আইনি সুরক্ষা রয়েছে, সেখানেও বৈষম্য ও আইনের দুর্বল প্রয়োগের কারণে অনেক নারী আদালত ও আইনি সহায়তা পেতে সংগ্রাম করেন।
জাতিসংঘের মতে, বৈষম্যমূলক এসব আইনের অনেকগুলো শতাব্দী ধরে প্রচলিত। তবে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ, রাজনৈতিক অস্থিরতা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার পুনরুত্থানের কারণে নারীদের অর্জিত অনেক অগ্রগতি ঝুঁকির মুখে পড়ছে।
বার্তায় বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বেইজিং+৩০ অ্যাকশন এজেন্ডার প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈষম্যমূলক আইন ও অনুশীলনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতিসংঘের মতে, আইনের চোখে সমতা নিশ্চিত না হলে প্রকৃত সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারী ও মেয়েদের জন্য ন্যায়বিচারকে বিশ্বজুড়ে বাস্তবতায় পরিণত করার এখনই সময়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.