কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং এর ওপর ‘কড়া নজরদারি’ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র—এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একইসঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার খসড়া প্রস্তাবের সূত্র ধরে ওমানকে এই বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে।
দ্য গার্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং এর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলাকালে ট্রাম্প মন্তব্য করেন, কেউ এই নৌপথ নিয়ন্ত্রণ করতে পারবে না।
তিনি বলেন, এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবার জন্য উন্মুক্ত থাকতে হবে।জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশের পরই ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
আরও পড়ুন…প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) এক বৈঠকে ট্রাম্প বলেন, এই প্রণালী খোলা থাকবে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নজর রাখবে। কেউ যেন এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে না।
একপর্যায়ে ওমানকে উদ্দেশ করে ট্রাম্প কঠোর ভাষায় মন্তব্য করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ওমান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে।
এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা এখনও সফল হয়নি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান আলোচনার গতি ধীর করছে এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখে সময় নিচ্ছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.