মরুকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন ২০২৬
মরুকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ সচিবালয় বিশ্বের চারণভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, চারণভূমি পৃথিবীর স্থলভাগের প্রায় অর্ধেক জুড়ে বিস্তৃত এবং দুই বিলিয়নেরও বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
বার্তায় উল্লেখ করা হয়, চারণভূমি শুধু খাদ্য ও তন্তুর উৎস নয়, বরং বন্যপ্রাণীর আবাসস্থল এবং কার্বন শোষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমানে বিশ্বের প্রায় ৫০ শতাংশ চারণভূমি অবক্ষয়ের শিকার অথবা ঝুঁকির মধ্যে রয়েছে।
জাতিসংঘ সতর্ক করে জানায়, চারণভূমির এই অবক্ষয় বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, জীববৈচিত্র্য এবং জলবায়ু স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমনও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন…সরানো হচ্ছে বাস ডিপো মহাখালী থেকে
বার্তায় চারণভূমি পুনরুদ্ধারে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জলসম্পদ সুরক্ষা, টেকসই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত পেরিয়ে সমাধান খোঁজার আহ্বান জানানো হয়।
এছাড়া ২০২৬ সালকে আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বর্ষ হিসেবে উদযাপনের বিষয়টি তুলে ধরে জাতিসংঘ জানায়, পশুপালক ও আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান চারণভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।
বার্তার শেষাংশে বলা হয়, “আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে ভূমিকে রক্ষা করতে হবে।” আগামী প্রজন্মের জন্য চারণভূমির সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.