মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ জুলাই:

 রাজধানীর মিরপুর-১৩ নাম্বারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর স্থানীয় জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টস ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী (৪৫)-কে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী বলে জানা গেছে। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাকরাল এলাকায়। হামলায় তিনি বুকে ডান পাশে গুলিবিদ্ধ হন।

one pherma

এ ঘটনায় আহত অপর দুইজন হলেন নালাম সরদার (৪৫), যিনি পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী। তিনি মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। অপর আহত মনির হোসেন (৩২) পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন। আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় জনতা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

কাফরুল থানা সূত্র জানায়, প্রাথমিকভাবে ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেলেও পরে নিহত ও আহতদের পরিচয় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলার লক্ষ্য কারা ছিলেন, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, হামলার উদ্দেশ্য উদঘাটন এবং পলাতকদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us