রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
হামলার পর পুরো অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।রোববার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী মস্কো এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে ধেয়ে আসা ৪৫০টি ড্রোনও রয়েছে।
আরও পড়ুন…এখনও আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদ
মেয়র আরও জানান, বেশ কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে আঘাত হেনে স্থাপনাটির ক্ষতি করেছে। এ ছাড়া একটি ড্রোন একটি আবাসিক ভবনে আঘাত করলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চলমান নির্বাচন ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, রামেনস্কি জেলায় একটি ড্রোন ২১ তলা ভবনের ছাদে পড়লে আগুন ধরে যায় এবং সেখান থেকে ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া সোফাইনো ও ওরেখোভো-জুয়েভো জেলায় পৃথক ড্রোন হামলায় দুজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন।
রাশিয়ায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল। দেশটিতে ১১ কোটি ১০ লাখেরও বেশি যোগ্য ভোটার পার্লামেন্টের (স্টেট ডুমা) ৪৫০ জন সদস্য নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.