দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল চালকদেরকে এ নিয়ম পালনে ব্যবস্থা নিতে হবে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।সম্প্রতি বিআরটিএ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন…এসবির সাবেক প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনে নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।নম্বরপ্লেটের উপাদান হতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম। প্লেটের ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে অন্য কোনো শোভা বর্ধন বা নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বর উল্লেখ করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত শর্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.