পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ি সংলগ্ন আড়াইতলা ভবনে সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে।
ডিবি সূত্রে জানা গেছে, ভাটারার ওই বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি চলত ডিজে পার্টি। বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে যাতায়াত করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।
আরও পড়ুন…স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে
অভিযানের পরে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো।
সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে ভাড়া বুকিং করে এসব পার্টিতে অংশ নিতেন। পার্টি থেকে আয়ের বড় একটি অংশ পান অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির তার স্টাফরা।ইলিয়াস কবির আরও জানান, ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলম আটক আছেন।
এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার আ্যান্ড মেইনটেইন্যান্স শাখা থেকে সরিয়ে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.