কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ, বাস্তব জলবায়ু পদক্ষেপে জোরালো অগ্রগতি

ইবাংলা.প্রেস | তুরস্কের আন্তালিয়া থেকে ইস্রাফিল হাওলাদার | ১৬ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপ, অর্থায়ন, শিল্পের বিদ্যুতায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার জোরালো অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ।

Islami Bank

সম্মেলনে বিশ্বের শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের এক লাখের বেশি প্রতিনিধি।

রোববার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় প্রথম সপ্তাহের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, সম্মেলনের প্রথম পাঁচ দিনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন…শিল্পের বিদ্যুতায়ন ও দায়িত্বশীল এআইকে জলবায়ু মোকাবিলার অগ্রাধিকার দিল কপ৩১

বিশ্বনেতাদের একত্র করা, অভিজ্ঞতা বিনিময়, আলোচনায় অগ্রগতি এবং নতুন অংশীদারত্ব তৈরির মাধ্যমে ভবিষ্যতের জন্য দীর্ঘস্থায়ী অর্জনের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, সম্মেলনের প্রথম দিনে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে জ্বালানি ও পরিবহন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, শিল্পের বিদ্যুতায়ন, সবুজ শিল্পায়ন, জলবায়ু অর্থায়ন এবং সহনশীল নগরব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রূপান্তর নতুন প্রযুক্তি, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

কপ৩১ প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন বলেন, আলোচনার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন দেশের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে আগামী সপ্তাহে আলোচনার খসড়া তৈরি করা হবে।

সম্মেলনের প্রথম বড় অর্জন ছিল ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। এতে রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশের জলবায়ু অভিজ্ঞতা, লক্ষ্যমাত্রা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিদ্যুতায়ন, জলবায়ু অঙ্গীকার বাস্তবায়ন, সবুজ শিল্পায়ন, দুর্যোগ সহনশীলতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকারগুলো বাস্তবসম্মত উদ্যোগে রূপান্তরের আহ্বান জানান।

তিনি বহুপক্ষীয় সহযোগিতা এবং সমাজের সব খাতের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়নমুখী কপ সম্মেলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তুরস্কের অর্থনীতির বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং শূন্য বর্জ্য কর্মসূচির মাধ্যমে সবুজ রূপান্তরের প্রতিশ্রুতিও তুলে ধরেন।

সবুজ বিনিয়োগে ২৬ বিলিয়ন ডলারের বেশি অংশীদারত্ব:
কপ৩১-এর প্রথম সপ্তাহে তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ২৬ বিলিয়ন ডলারের বেশি সবুজ বিনিয়োগ অংশীদারত্ব স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।

ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি) রিঅ্যাক্ট উদ্যোগে যুক্ত হয়েছে এবং আগামী পাঁচ বছরে তুরস্কে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন ব্যাংকের সঙ্গে ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক।

জলবায়ু অর্থায়নেও নতুন অঙ্গীকার এসেছে। নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের অঙ্গীকার করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং কুক আইল্যান্ডস ও পালাউ সরকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের জনগোষ্ঠীকে সহায়তায় এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহের কর্মসূচি চালু করেছে।

one pherma

অন্যদিকে, মিথেন ও অন্যান্য অতিমাত্রায় ক্ষতিকর দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে ৪৮০ মিলিয়ন ডলার এবং সুপার পলিউট্যান্ট কান্ট্রি অ্যাকশন অ্যাকসেলারেটর কর্মসূচির জন্য আরও ২৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এসেছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ৭০ মিলিয়ন ডলারের বন্ড চালুর ঘোষণাও দিয়েছে।

বিদ্যুতায়নে বৈশ্বিক উদ্যোগ:
কপ৩১ প্রেসিডেন্সির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে শিল্প ও অর্থনীতির বিদ্যুতায়ন। এ লক্ষ্যে ৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজের প্রতি সমর্থন জানিয়েছে সম্মিলিতভাবে বছরে ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার আয় করা ১৮০টি কোম্পানি। ৪ কোটি ৫০ লাখ কোম্পানির প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক চেম্বার অব কমার্সও এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি আন্তর্জাতিক জোট তাদের সম্মিলিত বিনিয়োগ পরিকল্পনা বছরে অন্তত ১৫৬ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে জ্বালানি রূপান্তরে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বিদ্যুতায়নে অর্থায়ন ত্বরান্বিত করতে ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ গঠন করা হয়েছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস পরিচ্ছন্ন বিদ্যুৎ, বিদ্যুৎ গ্রিড, জ্বালানি সংরক্ষণ এবং বিদ্যুতায়ন খাতে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করছে।

এদিকে আনতালিয়ায় অনুষ্ঠিত টিওবিবি বিজনেস ফোরামে চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিয়েছেন। কপ সম্মেলনের ইতিহাসে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবসায়িক ফোরাম হিসেবে উল্লেখ করা হয়েছে। বিদ্যুতায়ন, নগরব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু অর্থায়ন ছিল আলোচনার প্রধান বিষয়।

নতুন জলবায়ু উদ্যোগ ও আলোচনা:
সম্মেলনের প্রথম সপ্তাহে কপ৩১ প্রেসিডেন্সি জলবায়ু বাস্তবায়ন ত্বরান্বিত করতে ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ (ব্রিজ), সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (সার্ফ) এবং ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মসহ একাধিক উদ্যোগ চালু করেছে। স্বাস্থ্য, কৃষি, সবুজ শিল্পায়ন এবং শিশু ও তরুণদের জলবায়ু কার্যক্রম নিয়েও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আলোচনার অগ্রগতি সম্পর্কে কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, সম্মেলনের প্রথম দিনেই সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে আলোচ্যসূচি গ্রহণ করা সম্ভব হয়েছে। প্রথম সপ্তাহের কার্যক্রমও পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী পর্যায়ের আলোচনা আরও জোরদার করা হবে। দেশগুলোর আলোচনাধীন বিষয়গুলোকে অভিন্ন সিদ্ধান্তে রূপ দিতে তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল ইতোমধ্যে তিন দফা পরামর্শ বৈঠক করেছে।

বিভিন্ন পক্ষের মতামত নিয়ে একটি প্রাথমিক মূল্যায়ন নথিও তৈরি করা হয়েছে।কুরুম বলেন, আনতালিয়া থেকে শক্তিশালী রাজনৈতিক ফলাফল অর্জন এবং জলবায়ু অঙ্গীকারগুলোকে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম সিদ্ধান্তে রূপ দেওয়াই তাদের লক্ষ্য।

অন্যদিকে ক্রিস বোয়েন জানান, বর্তমানে আলোচনার টেবিলে ১০০টির বেশি এজেন্ডা এবং প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট রয়েছে। অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ন্যায্য রূপান্তর, নিঃসরণ প্রশমন, বিজ্ঞান, স্বচ্ছতা এবং বাস্তবায়ন আলোচনার কেন্দ্রীয় বিষয়।

তিনি বলেন, বিভিন্ন আলোচনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো সমাধানের অপেক্ষায় রয়েছে। সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

কপ৩১ প্রেসিডেন্সি ইতোমধ্যে প্রেসিডেন্সি-উদ্যোগে প্রস্তাবিত সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন দেশের মতামতের একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে। এটি আলোচনার আনুষ্ঠানিক খসড়া নয়; বরং পরবর্তী আলোচনার দিকনির্দেশনা হিসেবে ব্যবহার করা হবে। আগামী সপ্তাহের শুরুতে সিদ্ধান্তের প্রাথমিক খসড়া প্রকাশের প্রত্যাশা জানিয়েছে প্রেসিডেন্সি।

প্রথম সপ্তাহের এসব অগ্রগতির পর এখন কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অর্থায়ন, বিদ্যুতায়ন, শিল্পের রূপান্তর এবং জলবায়ু অভিযোজনের বিষয়ে ঘোষিত প্রতিশ্রুতিগুলো কতটা কার্যকর সিদ্ধান্তে রূপ নেয়, তার ওপরই নির্ভর করবে আনতালিয়া সম্মেলনের চূড়ান্ত সাফল্য।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us