তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতায় মুখরিত রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান প্রদর্শনী
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর ২০২৬
ঢাকার উত্তরায় শনিবার (২১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের (আরআইএস) বিজ্ঞান প্রদর্শনী ২০২৬। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের বৈজ্ঞানিক উদ্ভাবন, সৃজনশীল চিন্তাভাবনা ও বাস্তবভিত্তিক প্রকল্প উপস্থাপনের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখেছে।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহরুখ আদনান খান এবং উত্তরার বিশিষ্ট সমাজকর্মী ও ব্যক্তিত্ব রাজিয়া সুলতানা।

আরও পড়ুন…উদযাপিত হচ্ছে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস
বিজ্ঞান প্রদর্শনীতে প্রাথমিক বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণি, সিনিয়র বিভাগের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি এবং প্রাক-প্রাথমিক পর্যায়ের প্লে গ্রুপ থেকে কেজি-২-এর শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্পের মাধ্যমে বৈজ্ঞানিক ধারণা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরে।

প্রদর্শিত প্রকল্পগুলো মূল্যায়ন করেন শিক্ষাবিদ, অভিজ্ঞ শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল। প্রতিযোগিতায় প্রাথমিক ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন ও রানারআপ পুরস্কারের পাশাপাশি সেরা প্রকল্প এবং সেরা প্রকল্প সমন্বয়কের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
প্রাক-প্রাথমিক বিভাগের প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীকে দেওয়া হয় পদক ও সনদ।সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত প্রকল্প প্রদর্শনী চলে। পরে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা কেবল পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা, অনুসন্ধান, দলগত কাজ এবং নতুন কিছু তৈরির সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের কৌতূহল, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের মতে, এ ধরনের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ তৈরি করে এবং ভবিষ্যৎ বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.