৮০০ কোটির মাইলফলক ছাড়াল পদ্মা সেতুর টোল

যান চলাচল শুরুর এক বছরেই পদ্মা বহুমুখী সেতুতে টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।

Islami Bank

মঙ্গলবার (২৭ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সৈয়দ রজ্জব আলী জানান, ঈদে একদিকে যেমন নির্বিঘ্নে ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তেমনি রাজস্বও বাড়ছে। গত সোমবার পর্যন্ত টোল আদায় হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ ৫ হাজার ৫৫০ টাকা। এ সময়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি।

আরও পড়ুন>> শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদের ছুটিতে মানতে হবে যেসব নির্দেশনা

one pherma

এর মধ্যে পদ্মা সেতুতে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী জানান, পদ্মা সেতুর দুই পারে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে সাতটি ও জাজিরা প্রান্তে আটটি বুথ রয়েছে।

তিনি আরও জানান, ঈদ যাত্রায় মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে চারটি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us