জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জরুরি: বিশেষজ্ঞরা
ইবাংলা.প্রেস | পরিবেশ ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আলী আব্বাস, ব্যুরো প্রধান, পাঞ্জাব (লাহোর), পাকিস্তান থেকে
দক্ষিণ এশিয়াজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমান্ত অতিক্রম করে বিস্তৃত হওয়ায় এককভাবে জাতীয় পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ব্রিদ পাকিস্তান শীর্ষক সম্মেলনে বিভিন্ন দেশের ১০০-রও বেশি বিশেষজ্ঞ এই মতামত তুলে ধরেন। তারা বলেন, ভৌগোলিক বাস্তবতা আমাদের অভিন্ন ভাগ্য নির্ধারণ করেছে। বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত আমরা একই ইকোসিস্টেমে যুক্ত, তাই ভবিষ্যৎ টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ অপরিহার্য।
সম্মেলনে আলোচকরা জানান, বরফগলা নদীর পানি প্রবাহ, আকস্মিক বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাব সীমান্তের ভেতরে আটকে থাকে না। সাম্প্রতিক বছরগুলোতে সিয়ালকোট, উত্তরাখণ্ড, নওশেরা, হিমাচল প্রদেশ, এমনকি বাংলাদেশের উপকূলেও এমন বিপর্যয়ের প্রমাণ মিলেছে। একইভাবে ২০২১ সালের ইয়াস ও ২০২৩ সালের বিপর্যয় (বিপর্যয় ঘূর্ণিঝড়) দেখিয়েছে, আবহাওয়া পরিবর্তনের ধাক্কা একাধিক দেশে ছড়িয়ে পড়ে।
তারা আরও জানান, মৌসুমি বৃষ্টিপাতের অস্বাভাবিকতা, হিমবাহ সঙ্কোচন, পানির অনিশ্চয়তা শুধু কৃষি নয়, আঞ্চলিক অর্থনীতি ও জনজীবনেও গভীর প্রভাব ফেলছে। পরিবেশজনিত চ্যালেঞ্জ অভিবাসন, স্বাস্থ্যঝুঁকি ও বাণিজ্যনীতিতেও নতুন মাত্রা যোগ করছে।
সম্মেলনের মূল বার্তায় বলা হয়, “জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে আমাদের একসঙ্গে পথ চলতে হবে।” এর অর্থ হলো স্থানীয় জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
বিশেষজ্ঞরা আরও বলেন, গণমাধ্যমকে এ আলোচনার অগ্রভাগে থাকতে হবে। কেবল দুর্যোগ নয়, বরং জলবায়ু শাসন, নীতি এবং সমাধানমূলক উদ্যোগ নিয়েও জনগণকে অবহিত করা দরকার। ঢাকার বন্যা প্রতিরোধ, চেন্নাইয়ের পানি সংকট মোকাবিলা, আহমেদাবাদের তাপদ্বীপ নিয়ন্ত্রণ কিংবা মুম্বাইয়ের বস্তিবাসীদের সুরক্ষা—এসব অভিজ্ঞতা আঞ্চলিকভাবে ভাগাভাগি করলে সমন্বিত সমাধান খুঁজে পাওয়া সহজ হবে।
সম্মেলনে বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু সংকট কোনো একক রাষ্ট্রের সমস্যা নয়। তাই কার্যকর মোকাবিলার চাবিকাঠি হলো আঞ্চলিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন ঐতিহ্যের ওপর ভিত্তি করে টেকসই অভিযোজন গড়ে তোলা।
ইবাংলা বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.