‘ইসরাইলের গোয়েন্দা তথ্য ব্যর্থ’, জীবিত আছেন ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি
ইবাংলা.প্রেস ডেস্ক | ২৫ জুন ২০২৫
ইসরাইলের দাবি ভুল প্রমাণ করে জীবিত এবং সুস্থ অবস্থায় প্রকাশ্যে দেখা গেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তেহরানে আয়োজিত এক জনসমাবেশে তাকে জনতার মাঝে উপস্থিত থাকতে দেখা গেছে।
আরও পড়ুন…বিজয় উৎসব ইরানের ঘরে ঘরে
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত এক কর্মসূচিতে জেনারেল কানিকে উপস্থিত দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং প্রেস টিভি ভিডিওটি প্রকাশ করে জানায়, “অপারেশন ডিভাইন ভিক্টরির বিজয় উদযাপনে কানি উপস্থিত ছিলেন এবং জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।”
এর আগে নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইসরাইলের একটি হামলায় ইসমাইল কানি নিহত হয়েছেন। ১৩ জুন থেকে ইসরাইল ইরানে একাধিক বিমান হামলা শুরু করে। এতে সামরিক ঘাঁটি থেকে শুরু করে পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরাইলের অভিযোগ—তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
এই উত্তেজনার জেরে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যে গত রোববার যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। দীর্ঘ ১২ দিনের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, কানি জীবিত থাকায় ইরানের মনোবল দৃঢ় হয়েছে এবং ইসরাইলের গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হলেও, যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত সংঘাত নিয়ন্ত্রণে এসেছে।
ইবাংলা/বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.