বিশ্ব জনসংখ্যা দিবসে তরুণদের ক্ষমতায়নের ডাক
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | জাতিসংঘ সংবাদ | ৭ জুলাই ২০২৫ | ঢাকা
১১ জুলাই বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের প্রতিপাদ্য-“একটি ন্যায্য এবং আশাব্যঞ্জক পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা”- বিশ্বব্যাপী যুবসমাজের অধিকার, স্বপ্ন এবং সম্ভাবনার প্রতি নতুন করে আলোকপাত করছে। এ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
রোববার (৬ জুলাই) ১১ জুলাই ২০২৫ তারিখে পালিত হতে যাওয়া বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিবের একটি লিখিত বার্তা প্রদান করেন জাসিংঘ তথ্য কেন্দ্র ঢাকা।
আরও পড়ুন…নতুন রাজনৈতিক দল আনছেন ইলন মাস্ক!
বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, “আমরা সর্বকালের সর্ববৃহৎ যুব প্রজন্মের সম্ভাবনা ও প্রতিশ্রুতি উদযাপন করছি। তারা শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানেও নেতৃত্ব দিচ্ছে- ন্যায্যতা, অন্তর্ভুক্তি এবং টেকসই বিশ্বের দাবি জানাচ্ছে।”
মহাসচিব উল্লেখ করেন, তরুণরা যেন নিজের পছন্দে পরিবার গঠন করতে পারে- এ ধারণা ১৯৯৪ সালের জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুবসমাজ নানা প্রতিকূলতার মুখোমুখি। অর্থনৈতিক অনিশ্চয়তা, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্যচ্যালেঞ্জ, জলবায়ু সংকট ও সংঘাত- সব মিলিয়ে তরুণদের পথ সহজ নয়।
তবুও, মহাসচিব বলেন, “তরুণরা সাহস, বিবেক ও স্পষ্টতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। তারা এমন একটি বিশ্ব ব্যবস্থার আহ্বান জানাচ্ছে, যা তাদের অধিকার রক্ষা করবে এবং পছন্দকে সম্মান করবে।”
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পৃথিবীর সকল রাষ্ট্রকে আহ্বান জানান, যেন তারা এমন নীতিমালায় বিনিয়োগ করে যা নিশ্চিত করে—
মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, শালীন কর্মসংস্থান, এবং প্রজনন অধিকার রক্ষার পূর্ণ নিশ্চয়তা।
বার্তায় সবশেষ তিনি বলেন, আসুন, আমরা তরুণদের পাশে দাঁড়াই। এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যেখানে প্রতিটি ব্যক্তি তাদের ভাগ্য নিজ হাতে গড়তে পারে- একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পৃথিবীতে।”
প্রসঙ্গত, বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর ১১ জুলাই পালিত হয়। দিবসটি জনসংখ্যা সংক্রান্ত ইস্যুতে সচেতনতা বাড়াতে এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিবেদন: ইবাংলা.প্রেস
ইবাংলা বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.