বাঁধ ভেঙে ফেনীর ৩০ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা

ইবাংলা.প্রেস প্রতিবেদন | ৯ জুলাই ২০২৫, বুধবার | ফেনী প্রতিনিধি

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে।

Islami Bank

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ভাঙনের ফলে এলাকার বাসিন্দারা রাতটি চরম দুর্ভোগের মধ্য দিয়ে কাটিয়েছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে রাতেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

ফেনীর জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ফুলগাজী উপজেলার দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া, নিলক্ষীসহ মোট ১০টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে। ফুলগাজী বাজারেও পানি ঢুকে দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী রক্ষা করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

পরশুরাম উপজেলায় উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে। এছাড়া ভারতের সীমান্তবর্তী বল্লামুখা এলাকায় ভারতীয় অংশের বাঁধ ভেঙে বাংলাদেশের অংশে পানি ঢুকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

one pherma

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, “বর্তমানে আমরা ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করছি। তবে টানা বৃষ্টিপাত ও পানির প্রবল চাপের কারণে কাজ করতে সমস্যায় পড়ছি।”

ফেনী শহরের বিভিন্ন এলাকাতেও গত দুই দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে বুধবার সকাল থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবুও নিচু এলাকাগুলোর ঘর এখনো বাসযোগ্য হয়ে ওঠেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলছেন, তারা খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে রয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দুর্গত এলাকায় নৌকার মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়েছে।

ইবাংলা.প্রেস/বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us