নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় চিরুনি অভিযান, চলবে আগস্টজুড়ে
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ আগস্ট ২০২৫, ঢাকা
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানীজুড়ে শুরু হয়েছে চিরুনি অভিযান। পুরো আগস্ট মাসজুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।
আরও পড়ুন…জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবে ৫ আগস্ট: প্রেস সচিব
শনিবার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদ আলম বলেন, “আগস্ট মাস কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতার আশঙ্কা রয়েছে। পত্র-পত্রিকাতেও সে বিষয় উঠে এসেছে। তাই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, “সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কিছু চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে তথ্য রয়েছে। যদিও এখনো সরাসরি কোনো হুমকি নেই, তবে কিছু রাজনৈতিক নেতার মালিকানাধীন ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের অবস্থান নজরে এসেছে।”
যেসব জায়গায় নজর: আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেসসহ বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এ চিরুনি অভিযান চালানো হচ্ছে।
এসব স্থানে গোপন তৎপরতা চালানো হচ্ছে কিনা, তা নিশ্চিত হতে কড়া নজরদারি ও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলে জানান মাসুদ আলম।
ডিএমপির এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, “চিরুনি অভিযান চলছে এবং আগস্ট মাসজুড়েই তা চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
ইবাংলা.প্রেস সংবাদ বিভাগকে আরও জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা, গোয়েন্দা ইউনিট এবং স্পেশাল টিমগুলোকে এ অভিযান পরিচালনায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
ইবাংলা বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.