বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুমোদন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩ আগস্ট ২০২৫
দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বান্দরবানের সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রু-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, বীর বাহাদুর উ শৈ সিং-এর বিরুদ্ধে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এছাড়া তার নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকা-এর সন্দেহজনক লেনদেন চিহ্নিত হয়েছে। এর মধ্যে জমা রয়েছে ৩২ কোটি ১৬ লাখ টাকার বেশি এবং উত্তোলন করা হয়েছে ২৬ কোটি টাকারও বেশি।
একইসঙ্গে তার স্ত্রী মে হ্লা প্রু-এর বিরুদ্ধেও ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৫ কোটি ৫৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তার নামে রয়েছে ৬টি ব্যাংক হিসাব, যার মাধ্যমে বড় অঙ্কের লেনদেন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন…বিশ্বের আদিবাসী জনগণের আন্তর্জাতিক দিবসে জাতিসংঘের মহাসচিবের বার্তা
এই অপরাধসমূহের জন্য তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা; এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, অন্য একটি মামলায় দুদক সাবেক গাজীপুর মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ৭ হাজার ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভূয়া টেন্ডার ও বিলের মাধ্যমে তারা নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি তহবিল আত্মসাৎ করে অর্থ বিদেশে পাচার করেছেন।
দুদক প্রধান কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা থেকে এই বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত এজাহার দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.