উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতি
ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ৯ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক একজন সচিবের করা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ অভিযোগকারীকে তার কাছে থাকা বিশ্বাসযোগ্য প্রমাণ যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। আবদুস সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি।
বিবৃতিতে যা বলা হয়েছে ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।
আরও পড়ুন…নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: সিইসি
আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।
আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি জনাব আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই।
যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে, আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন।
আজ মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.