সংবিধানের বাইরে গিয়ে পিআর ভোট নয়: রাজশাহীতে সিইসি
ইবাংলা.প্রেস | রাজশাহী ব্যুরো | ২৩ আগস্ট ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই, কারণ সংবিধানে এ ধরনের ব্যবস্থা নেই। তিনি স্পষ্টভাবে জানান, আইন পরিবর্তন ছাড়া নির্বাচন কমিশনের হাতে এ পদ্ধতি বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই।
আরও পড়ুন…এশিয়া কাপকে সামনে রেখে নতুন রূপে বাংলাদেশ ক্রিকেট দল
শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি।
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তবে এখনো কোনো রায় হয়নি। যদি আইনি রায় আসে, সেক্ষেত্রে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
আগামী ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের প্রস্তুতি চলছে বলে জানান সিইসি। তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ এবং সীমানা সংক্রান্ত শুনানির প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব শুনানি চলবে।
তিনি সতর্ক করে বলেন, এবার আর কোনো ভোটকেন্দ্র দখলের সুযোগ থাকবে না। কেউ কেন্দ্র দখল করলে পুরো ভোটই বাতিল ঘোষণা করা হবে। অস্ত্রের মাধ্যমে ভোটে প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে যুক্ত করা হচ্ছে।
এ ছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তার মধ্যে যারা পূর্বে অনিয়মে যুক্ত ছিলেন, তাদের দায়িত্বে রাখা হবে না বলেও জানান সিইসি।
সবশেষে তিনি দাবি করেন, বর্তমান সরকার থেকে কোনো ধরনের চাপ কমিশনের ওপর নেই। যদি কখনো চাপ আসে, তিনি পদত্যাগ করবেন।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.