দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল রোববার সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
শনিবার (২৩ আগস্ট) উপপরিচালক (জনসংযোগ) মোঃ আকতারুল ইসলাম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
গণশুনানিতে সরকারি সেবাপ্রাপ্তিতে ভোগান্তি, হয়রানি বা সেবা বঞ্চিত নাগরিকরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের সামনে সরাসরি তাদের অভিযোগ উপস্থাপন করবেন। দুদক তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন…নির্বাচনের আগেই উদ্ধার করা হবে লুট হওয়া অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
আয়োজনকে সফল করতে সপ্তাহজুড়ে সিরাজগঞ্জ সদরে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন, অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ফলে এ গণশুনানিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
দুদক জানিয়েছে, সরকারি সেবা নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সিরাজগঞ্জ জেলার নাগরিকদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.