নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | রোববার, ৩১ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প জাতির জন্য হবে মারাত্মক বিপজ্জনক। রোববার (৩১ আগস্ট) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন…দুদকের ৩ অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিলল
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কোনো দ্ব্যর্থহীন বার্তা দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, আসন্ন দুর্গাপূজা ঘিরে কেউ যেন অস্থিতিশীলতা তৈরি না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং বিশেষ সহকারী মুনির হায়দারও দেখা করেন। আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও তার অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনাও হয়। শফিকুল আলম জানান, বিষয়টিতে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে এবং প্রধান উপদেষ্টা তা মনোযোগ সহকারে শুনেছেন।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.