জেনারেশন জির বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করেছেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
পদত্যাগপত্রে তিনি বলেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিকদের স্বাভাবিক অধিকারকে স্বীকৃতি দেয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, সরকার কীভাবে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে যার সঙ্গে জাতি গঠনে সহযোগিতা করা উচিত, তার উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।
আরও পড়ুন…ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, শিক্ষার্থীদের লম্বা লাইন
এর আগে জেনারেশন জির ভয়াবহ বিক্ষোভের পর সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেনারেশন জির বিক্ষোভের সময় ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.