নেপালে বিক্ষোভের মুখে পদত্যাগ, হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী
ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তার সহকারী প্রকাশ সিলওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাজধানী কাঠমান্ডুতে টানা দুই দিনের বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগ করেন। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপে নিরাপদে দেশ ছাড়তে সেনাবাহিনীর সহায়তা চান অলি। ধারণা করা হচ্ছে, তিনি দুবাই বা ভারতে আশ্রয় নিতে পারেন।
আরও পড়ুন…পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন: এস এম ফরহাদ
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান অলিকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে প্রস্তুত।
এর আগে, ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়।
বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে সংঘাত আরও তীব্র হয়। এ অবস্থায় প্রশাসন কাঠমান্ডুতে কারফিউ জারি করে।
বিক্ষোভকারীরা এই আন্দোলনের নাম দিয়েছেন ‘জেন-জি রেভল্যুশন’।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.