সাবেক সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা, বিমানের পরিচালক মোমিনুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৭ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক অতিরিক্ত সচিব ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অবসরপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে।
অভিযোগ অনুযায়ী, তিনি সম্পদ বিবরণীতে ১৬ কোটি টাকার সম্পদ গোপন এবং সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় ১২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, আবুল কালাম আজাদ তার সম্পদ বিবরণীতে ২ কোটি টাকার সম্পদের তথ্য দিলেও তদন্তে প্রায় ১৮ কোটি টাকার সম্পদ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ অর্জনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৫৩ লাখ টাকা, অথচ গ্রহণযোগ্য আয় ছিল মাত্র ৬ কোটি ১৯ লাখ টাকা।
আরও পড়ুন…সাবেক রেল ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের
আইন অনুযায়ী, তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিমানের পরিচালক মোমিনুলের বিরুদ্ধে অনুসন্ধান
একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) মোঃ মোমিনুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগগুলো হলো—
বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখার রিপোর্ট গায়েব করে নিজের চাকরিচ্যুতি সংক্রান্ত প্রমাণ লোপাট করা।
দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন, যার মধ্যে রয়েছে আলিশান বাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ারের ব্যবসা এবং ৭টি বিলাসবহুল বাস।
ভ্রমণ ভাতা নীতিমালা অবৈধভাবে পরিবর্তন করে সংস্থাটিকে ১.৫০ কোটির বেশি আর্থিক ক্ষতি করা।
প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের ইঞ্জিনিয়ারদের TA/DA বাবদ ১৬ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ টাকা) অবৈধভাবে প্রদান।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.