জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১টার মধ্যে ভাষণ দেবেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন…তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে পর্যটন শিল্পের উন্নয়নে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। একই সাথে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোও তার ভাষণে বিশেষভাবে গুরুত্ব পাবে।
প্রেসসচিবের ভাষ্যমতে, বিশ্ববাসীর কাছে মূল বার্তাটি হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.