চার জেলায় দুর্নীতির বিরুদ্ধে দুদকের একযোগে এনফোর্সমেন্ট অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় সম্পদের অপচয়, অবৈধ সংযোগ, চিকিৎসাসেবায় অনিয়ম ও সরকারি ক্রয়ে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে দেশের চারটি জেলায় একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Islami Bank

রংপুর: খাদ্য গুদামে সিন্ডিকেট ও নিম্নমানের চাল সংগ্রহ:

রংপুর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পাঁচটি খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় দুটি খামাল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

গুদামে সংরক্ষিত ধান ও চালের বস্তার ওজন ও মান যাচাই করা হয় এবং দৈবচয়ন পদ্ধতিতে বাস্তব মজুদ পরিমাপ করা হয়। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

গাজীপুর: ১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন:

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, গাজীপুর আঞ্চলিক অফিসের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও অর্থ আদায়ের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর অভিযান চালায়।

আরও পড়ুন…ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

one pherma

ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক একশ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তিতাস গাজীপুর আঞ্চলিক অফিস থেকে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযানে জড়িতদের দায় নির্ধারণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

পিরোজপুর: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় চরম অনিয়ম:

পিরোজপুর জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করে।প্রাথমিক পর্যালোচনায় রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের ও বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া হাসপাতালটিতে শুধুমাত্র RBS টেস্ট ছাড়া অন্য কোনো পরীক্ষা করা হয় না বলে জানা যায়। সরেজমিন পরিদর্শনে হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা পাওয়া যায়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

ঢাকা: সোনালী ব্যাংকে সরকারি ক্রয়ে অনিয়মের অভিযোগ:

সরকারি ক্রয়ে আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। নথিপত্র পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us