আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারী ২০২৬
আজ আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবস। দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় বিশ্বনেতারা পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর আরও দ্রুত করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব ইতোমধ্যে পরিবর্তনের প্রভাব অনুভব করছে, তবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমার মধ্যে থাকতে হলে এই রূপান্তরের গতি আরও বাড়ানো জরুরি।
বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বিশ্ব সাময়িকভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতার ঝুঁকির দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সরে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন , নবায়নযোগ্য শক্তিই এই রূপান্তরের মূল চালিকাশক্তি। বর্তমানে বিশ্বের অধিকাংশ অঞ্চলে সৌর ও বায়ুশক্তি নতুন বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে সস্তা উৎস। গত বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী বায়ু, সৌর ও অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ কয়লার তুলনায় বেশি হয়েছে।
নবায়নযোগ্য শক্তি দুর্গম ও অন্ধকারে থাকা জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করছে, পরিষ্কার রান্নার সুযোগ সৃষ্টি করছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দ্বার খুলে দিচ্ছে।
আরও পড়ুন…তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন
পাশাপাশি এটি নতুন শিল্প গড়ে তুলছে, কর্মসংস্থান সৃষ্টি করছে এবং জ্বালানি ব্যয় কমাতে সহায়তা করছে।তবে বার্তায় উল্লেখ করা হয়, নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি এখনও প্রয়োজনের তুলনায় ধীর। গ্রিড অবকাঠামোর সীমাবদ্ধতা ও উচ্চ ব্যয় অনেক দেশকে এই রূপান্তরের সুফল থেকে বঞ্চিত করছে।
এই পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তিনগুণ করার রোডম্যাপ তুলে ধরা হয়। এর জন্য নীতিগত বাধা দূর, ব্যয় হ্রাস, গ্রিড আধুনিকায়ন এবং শিল্প ও মানুষের সঙ্গে পরিষ্কার বিদ্যুৎ সংযোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
মহাসচিব আরও বলে, এই পরিবর্তন অবশ্যই ন্যায্য হতে হবে—যাতে শ্রমিক ও স্থানীয় সম্প্রদায় সুরক্ষিত থাকে এবং উন্নয়নশীল দেশগুলো সমান সুযোগ পায়।
শেষে বলা হয়, একটি পরিচ্ছন্ন জ্বালানি ভবিষ্যৎ এখন আমাদের নাগালের মধ্যেই। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে নবায়নযোগ্য জ্বালানি বিপ্লব ছড়িয়ে দেওয়ার এখনই সময়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.