তিন জেলায় দুদকের এনফোর্সমেন্ট অভিযান: গাইডওয়াল নির্মাণ, ওষুধ ক্রয় ও স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ, ওষুধ ক্রয় ও স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Islami Bank

নওগাঁয়ের ধামইরহাটে গাইডওয়াল নির্মাণে অনিয়ম:
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাইডওয়াল নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

সরেজমিন পরিদর্শনে ধামইরহাট উপজেলার ভেড়োম মৌজায় সামাজিক বন বিভাগের আওতাধীন আনুমানিক ১৫.৫৬ একর আয়তনের ‘সোনা দিঘী’ পুকুরের চারপাশে নির্মিত গাইডওয়াল ও সংযুক্ত ইটের রাস্তার কাজ পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, নির্মাণের এক বছরের মধ্যেই বৃষ্টির পানিতে গাইডওয়ালের একাংশ ধসে পুকুরে নিমজ্জিত হয়েছে এবং কয়েকটি স্থানে টিন খুলে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

অভিযানকালে স্থানীয়দের বক্তব্য গ্রহণ, একজন বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে কাজ পরিদর্শন এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন…৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ, টেংরাটিলা বিস্ফোরণে

one pherma

এসেনশিয়াল ড্রাগসে ভুয়া বিল ও অনিয়মের অভিযোগ:
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, কাঁচামাল ক্রয়ে গুরুতর অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ডেসোগেস্টরল ইউএসপি কাঁচামাল ক্রয় সংক্রান্ত দরপত্র, বিল-ভাউচার, অনুমোদনপত্রসহ গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে সরেজমিনে পর্যালোচনা করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম:
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। অভিযানে টিম ছদ্মবেশে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান, ওষুধ প্রাপ্যতা ও খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

পরিদর্শনে দেখা যায়, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ রোগীরা পাচ্ছেন না এবং ওষুধের স্টক ও বিতরণ রেজিস্টারে নানা অনিয়ম রয়েছে। এছাড়া হাসপাতালের হিসাব ক্লার্ক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি আদায় করেছেন বলে প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সন্তোষজনক জবাব দিতে পারেননি।অভিযানকালে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us