রংপুরের জনসভা থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন তারেক রহমান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারী ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি—এ কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

Islami Bank

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রংপুর শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় এক হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন…জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য ও অংশগ্রহণ ছিল, তা ধরে রাখতে হবে। নিশিরাত ও ডামি নির্বাচনের দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে নিজেদের অধিকার প্রয়োগে সচেতন থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকেই গরিব অঞ্চল হিসেবে দেখে, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। রংপুরকে নতুনভাবে সাজানো হবে।

এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান।

one pherma

সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?’ এ সময় উপস্থিত জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দেন। পরে তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন…গণভোটে ‘হ্যাঁ’ ভোটে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়বে—দাবি নাকচ

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় জনসভায় তার উপস্থিত থাকার কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনার কারণে তিনি রাত সাড়ে ৮টার দিকে সভামঞ্চে পৌঁছান। তিনি বগুড়া থেকে সড়কপথে রংপুরে আসেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় নির্বাচনি জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরাও বক্তব্য দেন।

দীর্ঘ দুই দশক পর রংপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকেরা সভাস্থলে উপস্থিত হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us