জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত—ঢাকা–১৭ আসনে জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান
ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, জনগণের রায়কেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. খালিদুজ্জামান বলেন, জনগণই একটি দেশের সর্বোচ্চ শক্তির উৎস। নির্বাচন হচ্ছে সেই শক্তি প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। একটি নির্বাচন শুধু সরকার পরিবর্তনের বিষয় নয়, বরং একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের পথও তৈরি করে।
আরও পড়ুন…বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
তিনি জানান, সকালে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা রাতভর দায়িত্ব পালন করে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
ডা. খালিদুজ্জামান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ যেন ঈদের উৎসবের মতো একটি পরিবেশে ভোটের দিনটি উপভোগ করছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ সন্তোষজনক রয়েছে।
তিনি বলেন, একটি নির্বাচনে অবশ্যই জয়-পরাজয় থাকবে, তবে সবার আগে গুরুত্ব দিতে হবে জনগণের রায়কে। কারণ জনগণই সকল ক্ষমতার প্রকৃত উৎস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে—ইনশাআল্লাহ।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.