ভোটে সেনা ও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা, অনিয়মের অভিযোগও তুললেন জামায়াত আমির

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের মাঠে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন পর্যন্ত সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট এবং ভোটগ্রহণ শেষ হয়ে ফল ঘোষণা পর্যন্ত একই ধরনের ভূমিকা প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যে চেতনার প্রতি সম্মান রেখে দেশের মানুষ আন্দোলনে নেমেছিল, আজকের নির্বাচন সেই চেতনার বিজয়ের প্রতিফলন হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগের সম্মিলিত ফসল হিসেবেই তিনি আজকের নির্বাচনকে দেখছেন।

আরও পড়ুন…দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ জালভোট

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মিরপুরের একটি ভোটকেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকেরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। একটি স্থানে তাদের প্রার্থীর ওপরও হামলা হয়েছে বলেও জানান জামায়াত আমির। এসব ঘটনা নিয়ন্ত্রণে আনা না গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মেনে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা গেছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

আরও পড়ুন…ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, চট্টগ্রামে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ কারণে ওই আসন বাদ দিয়ে বাকি ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইবাংলা বাএ

Islami Bank
one pherma

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us