শেখ আফিল উদ্দিন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
বিগত সরকারের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—শেখ আফিল উদ্দিনের নামে মোট ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকার সম্পদ ও ব্যয়ের হিসাব পাওয়া গেলেও তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকা।
অপরদিকে, তার স্ত্রী মোছা. তাহেরা সোবহার নামে মোট ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদ ও ব্যয়ের তথ্য পাওয়া গেছে। তার বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা।
আরও পড়ুন…পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান
এ হিসাবে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকা।এ ঘটনায় যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া শেখ আফিল উদ্দিনের তিন ছেলে—শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে থাকা সম্পদের বিষয়ে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।দুদক জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক সম্পদ বিবরণী দাখিল না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.