ছুরিকাঘাতে নিজ কক্ষে প্রাণ গেল ইবির সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকাল প্রায় ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…দফতর পুনর্বণ্টনে বদলালো ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব, প্রশাসনে নতুন বিন্যাস 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, ওই সময় কক্ষের ভেতর থেকে চিৎকার শোনা গেলে ভবনে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শিক্ষক রুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আহত অবস্থায় ছিলেন বলে জানানো হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র হয়ে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতাল-এ পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা রুনাকে মৃত ঘোষণা করেন। আহত কর্মচারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

one pherma

বিভাগীয় সূত্র জানায়, ফজলুর রহমান দীর্ঘদিন সমাজকল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। বেতন সংক্রান্ত বিষয়ে এক মাস আগে বিভাগের সভাপতির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। শিক্ষার্থীদের একটি অংশের ধারণা, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একজনকে নিথর এবং আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইমাম হোসাইন বলেন, হাসপাতালে আনার আগেই শিক্ষিকার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us